ইউএনওর আকস্মিক পরিদর্শনে তালাবদ্ধ স্কুল, শিক্ষক-শিক্ষার্থী অনুপস্থিত
মাগুরার মহম্মদপুর উপজেলার সরকারি আরএসকেএইচ স্কুলে আকস্মিক পরিদর্শনে গিয়ে বিদ্যালয়টি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। সোমবার (১২ জানুয়ারি) বিকাল আনুমানিক ৩টার দিকে পরিদর্শনে এসে তিনি দেখতে পান, বিদ্যালয় প্রাঙ্গণে কোনো শিক্ষক, শিক্ষার্থী কিংবা কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই।
পরিদর্শনকালে বিদ্যালয়ে তালা ঝুলতে দেখা যায়। নির্ধারিত পাঠদানের সময় বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রমের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।