ঈদে অন্ধকারে পারনান্দুয়ালী: স্ট্রিট লাইট বিকল, চরম নিরাপত্তাহীনতায় এলাকাবাসী
এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা।
পবিত্র ঈদকে কেন্দ্র করে যখন আনন্দ-উৎসবে মেতে ওঠার কথা, ঠিক সেই সময় মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী গ্রামের ৬ নং ওয়ার্ডে বিরাজ করছে চরম অন্ধকার। দীর্ঘদিন ধরে এলাকার স্ট্রিট লাইটগুলো বিকল থাকায় জনজীবনে নেমে এসেছে ভোগান্তি ও নিরাপত্তাহীনতা।
স্থানীয়দের অভিযোগ, বারবার পৌরসভাকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে রাত নামলেই পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়, যা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঝুঁকি বাড়িয়ে তুলছে।
বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঈদের সময় আত্মীয়-স্বজনের আনাগোনা বেশি থাকায় সমস্যাটি আরও প্রকট আকার ধারণ করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “ঈদের মতো সময়ে যদি রাস্তায় আলো না থাকে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা খুবই আতঙ্কে আছি।”
এদিকে, জরুরি সেবার ক্ষেত্রেও সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা। কোনো দুর্ঘটনা বা অসুস্থতার ঘটনা ঘটলে অন্ধকারের কারণে দ্রুত সেবা পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে স্ট্রিট লাইটগুলো সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।