

দ্বিগুণ দামে স্যান্ডেল বিক্রি: মাগুরায় “ম্যাগপাই সু”কে ৫০ হাজার টাকা জরিমানা
মাগুরা প্রতিনিধি:
পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় মাগুরা শহরে অভিযান চালিয়ে “ম্যাগপাই সু” নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি ১ হাজার ৬০০ টাকায় কেনা স্যান্ডেল ৩ হাজার ২০০ টাকায় বিক্রি করছে। অর্থাৎ দ্বিগুণ দামে পণ্য বিক্রির মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল।
অভিযান সূত্রে জানা যায়, গুলিস্তানের ভাউচার ব্যবহার করে চায়না পণ্য বিক্রি, পণ্যের সঠিক তথ্য গোপনসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এসব অপরাধের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের নেতৃত্বে শহরের বিভিন্ন জুতা-স্যান্ডেল ও পোশাকের দোকানে তদারকি অভিযান চালানো হয়। অভিযানে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকেও সতর্ক করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা প্রদান করেন।
তারা আরও বলেন, রমজান মাসে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের মূল্য বৃদ্ধি না করে। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।