ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ ও প্রেসিডেন্ট মাদুরোর মুক্তির দাবিতে মাগুরায় সমাবেশ
ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ করা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর নিঃশর্ত মুক্তির দাবিতে মাগুরায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মাগুরা ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলী। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু।
সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ এবং বাসারুল হায়দার বাচ্চু।
বক্তারা ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে আগ্রাসন বন্ধের পাশাপাশি প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবি জানান।