প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
মাগুরায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন: জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে নতুন দিগন্ত।

মাগুরায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন: জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে নতুন দিগন্ত।
স্টাফ রিপোর্টার, মাগুরা।
মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের কামারপাড়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্তার হোসেন। সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেরুন্নাহার।
উপজেলা প্রশাসন, মাগুরা সদর এর আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে পরিচালিত এই কর্মসূচির মূল লক্ষ্য স্থানীয় জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “খাল পুনঃখনন বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।”
বক্তারা আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভরাট হয়ে পড়া খালগুলো পুনরুদ্ধার করা গেলে শুধু জলাবদ্ধতা কমবে না, বরং এলাকার কৃষি ও জীববৈচিত্র্যও পুনরুজ্জীবিত হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্নের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মাগুরা সদরের বিভিন্ন অঞ্চলে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
Copyright © 2026 বাংলার অনুসন্ধান. All rights reserved.