মাগুরায় ঝটিকা অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক ৷
মাগুরা সদর উপজেলার দরি মাগুরা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৩১ পিস ইয়াবাসহ মোঃ চান মিয়া (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর থানাধীন কারিকর পাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী চান মিয়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করে। আটক চান মিয়া ওই গ্রামের মৃত মান্নান শেখের ছেলে।
অভিযান শেষে জব্দকৃত মাদকসহ আটক ব্যক্তিকে মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় যৌথ বাহিনী।