

মাগুরায় যানজট নিরসনে বিশেষ ট্রাফিক অভিযান শুরু
প্রথম দিনেই মিলেছে ইতিবাচক ফল, স্বস্তিতে নগরবাসী
এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা।
মাগুরা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। নবনিযুক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নেতৃত্বে শুরু হওয়া মাসব্যাপী বিশেষ ট্রাফিক অভিযানের প্রথম দিনেই দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা গেছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় শহরের ভাইনা মোড় থেকে শুরু হওয়া এই অভিযান ঢাকা রোড পর্যন্ত বিস্তৃত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী পরিচালিত এ অভিযানে শহরের গুরুত্বপূর্ণ ও যানজটপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজর দেওয়া হয়। একইসঙ্গে অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর আরজুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ. এন. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের এ উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে শহরের যানজট কমানো এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা। পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এক মাসব্যাপী এ কার্যক্রম চলবে এবং এ সময়ের মধ্যে সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের পর কেউ যদি নো-পার্কিং এলাকায় গাড়ি রাখেন বা ট্রাফিক আইন অমান্য করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, যার মধ্যে অর্থদণ্ড ও গাড়ি জব্দের মতো পদক্ষেপও রয়েছে।
পুলিশ সুপার আরও জানান, আগামী বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় চৌরঙ্গী মোড় থেকে নতুন বাজার পর্যন্ত দ্বিতীয় ধাপের অভিযান পরিচালিত হবে।
অভিযান শেষে শহরের ঢাকা রোড ও ভাইনা মোড় এলাকায় যানজট কমে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।