মাগুরা পূর্ব নারায়নপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের তদারকি, জরিমানা আদায়

মাগুরার মহম্মদপুর উপজেলার পূর্ব নারায়নপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে খাদ্যপণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার (১১ মে) পরিচালিত এ তদারকি কার্যক্রমে বেকারিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করা হয়।
তদারকির সময় একটি বেকারি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি উপেক্ষা, খাবারে অননুমোদিত উপাদান ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণের সত্যতা পাওয়া যায়। এছাড়াও উৎপাদিত খাদ্যপণ্যের মোড়কীকরণে অনিয়ম ও বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত করার অভিযোগও উঠে আসে।
এসব অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় “মেসার্স মুগ্ধ বেকারি”কে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়। ব্যবসায়ীদের ভেজাল ও নকল পণ্য বিক্রি থেকে বিরত থাকা, মূল্য তালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার আহ্বান জানানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও জেলা পুলিশের একটি টিম অংশ নেয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।