প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৮:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ

- মাগুরা শহরের ভেতর হাইওয়ে, নেই গতি নিয়ন্ত্রণ—মডেল মসজিদ এলাকায় চরম ঝুঁকি
এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা:
মাগুরা শহরের ভেতর দিয়ে প্রবাহিত মহাসড়কের ফোর লেন অংশে গতি নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা না থাকায় চরম নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে পারনান্দুয়ালী ৩ নম্বর ব্রিজ ও মডেল মসজিদ সংলগ্ন এলাকা বর্তমানে দুর্ঘটনাপ্রবণ ঝুঁকিপূর্ণ জোনে পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকায় বিশ্বরোডের ফোর লেনের দুই পাশ থেকে উঠে আসা একাধিক গুরুত্বপূর্ণ সড়ক একত্রে সংযুক্ত হয়েছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে মডেল মসজিদ, যার ঠিক সামনেই ফোর লেনের মুখ। ফলে এই স্থানটি একটি ব্যস্ত চৌরঙ্গী সংযোগস্থলে রূপ নিয়েছে। একদিকে রয়েছে শুভেচ্ছা স্কুল, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান; অন্যদিকে রয়েছে পৌর পার্ক, ডায়াবেটিস সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান,এবং বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রবেশপথ।
এই চৌরঙ্গী সংযোগস্থল দিয়ে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী, অভিভাবক, রোগী, মুসল্লি এবং সাধারণ মানুষ যাতায়াত করেন। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের চলাচল অব্যাহত থাকে, বিশেষ করে স্কুলের সময়, পার্কে বিনোদনপ্রত্যাশী মানুষের ভিড় এবং ডায়াবেটিস সেন্টারে চিকিৎসা নিতে আসা রোগীদের কারণে এলাকাটি সবসময়ই ব্যস্ত থাকে। পাশাপাশি মডেল মসজিদে নিয়মিত নামাজ ছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণ ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় মানুষের উপস্থিতি আরও বেড়ে যায়।
কিন্তু এত গুরুত্বপূর্ণ ও জনবহুল সংযোগস্থলে কোনো স্পিড ব্রেকার (বিট) না থাকায় হাইওয়ে থেকে আসা দ্রুতগতির যানবাহন গতি না কমিয়েই সরাসরি প্রবেশ করছে। ফোর লেনের মুখে অবস্থিত হওয়ায় গাড়ির গতি স্বাভাবিকভাবেই বেশি থাকে, যা পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে এবং এলাকাবাসী চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
উল্লেখ্য, পূর্বে এই এলাকায় স্পিড ব্রেকার থাকলেও সড়ক সংস্কারের সময় তা অপসারণ করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুনঃস্থাপন না হওয়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয়দের দাবি, বর্তমান বাস্তবতায় মডেল মসজিদের সামনে পূর্বের একটি স্পিড ব্রেকার যথেষ্ট নয়। বরং মসজিদের আগে ও পরে—দুটি পৃথক সিঙ্গেল বিট স্থাপন করা হলে এই চৌরঙ্গী সংযোগস্থলে প্রবেশকারী যানবাহনের গতি নিয়ন্ত্রণে আসবে এবং শিক্ষার্থী, রোগী, মুসল্লি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
এছাড়াও পারনান্দুয়ালী বেপারী পাড়া মসজিদের সামনে, যেখানে মহাম্মদপুর থানার যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা এবং স্থানীয়দের ব্যাপক চলাচলের একটি চৌরঙ্গী সংযোগ রয়েছে, সেখানে পূর্বের স্পিড ব্রেকার পুনঃস্থাপন জরুরি হয়ে পড়েছে। একইভাবে পারনান্দুয়ালী স্কুল হাই স্কুলের সামনে, স্টেডিয়ামের সামনে ও পুলিশ লাইন এলাকাতেও পূর্বে থাকা স্পিড ব্রেকারগুলো না থাকায় জননিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
এলাকাবাসীর মতে, শহরের ভেতর দিয়ে হাইওয়ে চলাচল এবং বাইপাস সড়কের অভাবে এই ঝুঁকি আরও বেড়েছে। তাই জননিরাপত্তার স্বার্থে পারনান্দুয়ালী ৩ নম্বর ব্রিজ, মডেল মসজিদ এলাকা, পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, বেপারী পাড়া, স্টেডিয়াম গেট ও পুলিশ লাইনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দ্রুত স্পিড ব্রেকার পুনঃস্থাপন এখন সময়ের দাবি।
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।