

মাগুরা সাজিয়ারায় রাকিব হোটেলে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, মাগুরা:
আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার সাজিয়ারা এলাকায় একটি অভিযান পরিচালিত হয়।
বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে মেসার্স রাকিব হোটেল নামক প্রতিষ্ঠানে তদারকি করে নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না করা হচ্ছে। খাদ্যদ্রব্য যত্রতত্র মেঝেতে খোলা অবস্থায় রাখা হয়েছে এবং কর্মচারীদের স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ পাওয়া যায়নি। ব্যবহৃত টয়লেটে সাবান বা হ্যান্ডওয়াশ ছিল না। অভিযোগ রয়েছে, কর্মচারীরা টয়লেট ব্যবহারের পর যথাযথভাবে হাত পরিষ্কার না করেই রান্নার কাজে যুক্ত হচ্ছিলেন।
এছাড়া, খাবারে নিষিদ্ধ ও অননুমোদিত রঙ ব্যবহার এবং ফ্রিজে রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাছ-মাংস সংরক্ষণের মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে, যা আইনত দণ্ডনীয় অপরাধ।
এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রাজ্জাককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।