মাগুরা-২ আসনে বিএনপির নির্বাচনী তৎপরতা জোরদার
নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে ধানের শীষের গণসংযোগ সভা
ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা)।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে মাগুরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় মহম্মদপুর উপজেলার বিনোদপুর বি কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন বিনোদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. বাকির বিশ্বাস। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনোদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মেজবাইল ইসলাম (হামিদ) ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফয়জুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা এখন সময়ের দাবি। তিনি বলেন, ধানের শীষ প্রতীকই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতীক—এজন্য তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় তিনি দলের নেতাকর্মীদের নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় ২নং বিনোদপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ২নং বিনোদপুর ইউনিয়ন বিএনপি।