মানবিক উদ্যোগে দৃষ্টান্ত স্থাপন: পথচারী রোজাদারদের পাশে মাগুরা রিপোর্টার্স ইউনিটি।
এ কে এম মাজেদুল আলম ইভান।মাগুরা
৭মার্চ:
শতাধিক সদস্য নিয়ে গঠিত সাংবাদিকদের সংগঠন মাগুরা রিপোর্টার্স ইউনিটি পবিত্র ও বরকতময় রমজান মাসে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনটির উদ্যোগে জেলা শহরের ব্যস্ততম চৌরঙ্গী মোড়ে পথচারী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রায় দুই শতাধিক রোজাদার ইফতার গ্রহণের সুযোগ পান।
রমজানের ব্যস্ত সময়ে অনেক পথচারী ও কর্মজীবী মানুষ নির্ধারিত স্থানে পৌঁছাতে না পারায় ইফতার নিয়ে বিপাকে পড়েন। এমন পরিস্থিতিতে তাদের কথা বিবেচনায় রেখে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা নিজস্ব অর্থায়নে এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেন। ইফতারের নির্ধারিত সময়ের আগেই সংগঠনের সদস্যরা চৌরঙ্গী মোড় এলাকায় অবস্থান নিয়ে পথচারী রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
সাংবাদিকতার দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকার জন্য ইতোমধ্যেই স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে মাগুরা রিপোর্টার্স ইউনিটি। জনবহুল এলাকায় এমন উদ্যোগকে অনেকেই মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
সংগঠনের সভাপতি এইচ এন কামরুল ইসলাম বলেন, “রমজানের শিক্ষা হলো সহমর্মিতা ও মানবিকতা। সেই চেতনাকে ধারণ করেই আমরা প্রতিবছর পথচারী রোজাদারদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আগামীতে এই উদ্যোগকে আরও বড় পরিসরে আয়োজন করতে চাই। এজন্য দেশে-বিদেশে যারা এই মানবিক ও ধর্মীয় কাজে অংশ নিতে চান, তাদের সহযোগিতাকে আমরা স্বাগত জানাব।”
সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, “অনেক রোজাদার মানুষ যাত্রাপথে ইফতারের ব্যবস্থা না পেয়ে দুশ্চিন্তায় পড়েন। তাদের সেই কষ্ট কিছুটা লাঘব করাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য।”
মাগুরা রিপোর্টার্স ইউনিটির এই মানবিক উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ প্রশংসনীয় বলে অভিহিত করেছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।