
মাগুরায় এসএসসিতে সাফল্যের শীর্ষে পুলিশ লাইনস স্কুল
শতভাগ ফলাফলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা :
শৃঙ্খলা, নিয়মিত পাঠদান ও শিক্ষার অনুকূল পরিবেশের সাফল্য হিসেবে এসএসসি পরীক্ষা-২০২৬-এ শতভাগ সাফল্য অর্জন করেছে মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়। জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা ফলাফলের এ অর্জন উদযাপন করতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মাগুরা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইনস মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন মো. ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্ডার খায়রুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সহীলুদ্দীন এবং মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে তাদের সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয় জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় কিছুটা ব্যতিক্রম। বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কঠোর শৃঙ্খলা বজায় রাখা হয়। শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ে আসা নিষিদ্ধ। এমনকি শিক্ষকরা ক্লাসেও মোবাইল ফোন ব্যবহার করেন না। এর ফলে বিদ্যালয়ে একটি সুন্দর ও নিয়ন্ত্রিত শিক্ষার পরিবেশ তৈরি হয়েছে।
তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষায় মাগুরার সব স্কুলের মধ্যে পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয় সেরা ফলাফল অর্জন করেছে। এ সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply