

এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা ;
মাগুরা সদর উপজেলার ঢাকা রোড ও রামনগর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়।
বুধবার (১৯ আগস্ট) পরিচালিত অভিযানে ঢাকা রোডের মেসার্স রতন হোটেলে পূর্বে সতর্ক করা সত্ত্বেও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা এবং টয়লেটে হাত ধোয়ার জন্য সাবান বা হ্যান্ডওয়াশ না রাখার বিষয়টি পাওয়া যায়। এছাড়া ফ্রিজে রান্না করা খাবার অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ এবং মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ছাপা কাগজের ঠোঙায় খাবার পরিবেশন করতে দেখা যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪৩ ধারায় মেসার্স রতন হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের দ্বিতীয় পর্যায়ে রামনগর এলাকার মেসার্স রাজধানী বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রম ৭ দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ফয়েজুল কবীর এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply