
মহম্মদপুরে ১১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ
আলাউদ্দিন, মহম্মদপুর, মাগুরা।
মাগুরার মহম্মদপুরে ১১০০ প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) মহম্মদপুর উপজেলা কৃষি অফিসে উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান শিলুর নেতৃত্বে এ প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার ৮টি ইউনিয়নের কৃষকদের পর্যায়ক্রমে এ প্রণোদনা দেওয়া হবে।
প্রণোদনার আওতায় প্রতি কৃষক এক বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি সার, এমওপি সার, ১ কেজি বালাইনাশক এবং ২ কেজি পলিথিন পাবেন।
প্রথম দিনে চারটি ইউনিয়নের কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বাকি চারটি ইউনিয়নসহ মোট ৮টি ইউনিয়নের ১১০০ কৃষক এ সুবিধা পাবেন।
প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান শিলুর, প্রেসক্লাব মহম্মদপুরের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি মাহমুদুন্নবি ডাবলু, ক্রীড়া সম্পাদক আবুল খায়ের (রনি)সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান শিলুর বলেন, গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় উপকরণ প্রণোদনা হিসেবে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে এ মৌসুমে পেঁয়াজের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকরা যেন ভালো বাজারমূল্য পান, সে লক্ষ্যেও কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, উপজেলার ৮টি ইউনিয়নের ১১০০ কৃষকের মাঝে পর্যায়ক্রমে এই প্রণোদনা বিতরণ করা হবে।
Leave a Reply