

মাগুরায় জামায়াতের ইফতার মাহফিলে সর্বদলীয় সম্প্রীতির বার্তা
এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা
বুধবার, ৪ মার্চ ২০২৬
মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। বুধবার বিকেল ৪টায় নোমানি ময়দানস্থ মাগুরা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মাগুরা জেলা আহ্বায়ক আলী আহমেদ বলেন, রাষ্ট্রীয় স্বার্থে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। অতীতের বিভাজন ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্যে উপস্থিতদের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এছাড়াও বিএনপি ও ১১ দলীয় জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক এম বি বাকের বলেন, “আমরা বিভেদের রাজনীতি নয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে সামনের দিকে এগোতে চাই। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় যা প্রয়োজন, জামায়াতে ইসলামী সে দায়িত্ব পালনে প্রস্তুত।”
নেতৃবৃন্দ দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষাংশে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজকদের এমন অন্তর্ভুক্তিমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অতিথিরা ভবিষ্যতেও এ ধরনের সম্প্রীতিমূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
Leave a Reply