
মাগুরা শহরের ভেতর হাইওয়ে, নেই গতি নিয়ন্ত্রণ—মডেল মসজিদ এলাকায় চরম ঝুঁকি
এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা:
মাগুরা শহরে প্রবেশমুখে মহাসড়কের টু-লেন থেকে ফোর-লেন অংশে দীর্ঘদিন ধরে স্থাপিত স্পিড ব্রেকার (বিট) অপসারণের ফলে চরম নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হয়েছে। বিশেষ করে পারনান্দুয়ালী তিন নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, গত রমজানের ঈদকে কেন্দ্র করে সড়ক সংস্কার কাজের সময় ওই এলাকার স্পিড ব্রেকারগুলো তুলে ফেলা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সেগুলো পুনঃস্থাপন করা হয়নি। ফলে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণহীনভাবে শহরে প্রবেশ করছে।
উল্লেখিত এলাকায় রয়েছে মাগুরার স্বনামধন্য শিশু-কিশোরদের শুভেচ্ছা স্কুলসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথ, গুরুত্বপূর্ণ টি-সংযোগস্থল রাস্তার সংযোগ এবং জেলার সরকারি মডেল মসজিদ। এই পারনান্দুয়ালী তিন নম্বর ব্রিজ সংলগ্ন টি-সংযোগস্থলটি ফোর লেন মহাসড়কের সাথে সরাসরি যুক্ত একটি গুরুত্বপূর্ণ প্রবেশ ও বাহির হওয়ার পথ। এই পথ দিয়ে প্রতিদিন পারনান্দুয়ালী এলাকার বাসিন্দাদের পাশাপাশি ডায়াবেটিস হাসপাতালের রোগী ও স্বজনরা, পৌরসভার পৌর পার্কে আগত দর্শনার্থীরা এবং আশপাশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ যাতায়াত করে থাকেন।
ফোর লেনে দ্রুতগতির যানবাহন চলাচলের সাথে এই ব্যস্ত সংযোগস্থলের সরাসরি যুক্ত থাকার কারণে ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কোনো স্পিড ব্রেকার (বিট) না থাকায় হাইওয়ে থেকে আসা গাড়িগুলো গতি না কমিয়েই সংযোগস্থল অতিক্রম করছে, ফলে পথচারী, শিক্ষার্থী, মুসল্লি ও স্থানীয় যানবাহন চলাচল মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়ছে।
স্থানীয়দের দাবি, পূর্বে মডেল মসজিদের সামনে একটি স্পিড ব্রেকার থাকলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেটি পর্যাপ্ত নয়। কারণ এখন সড়কটি ফোর লেনে উন্নীত হওয়ায় যানবাহনের গতি আরও বেড়েছে। তাই মসজিদের সামনে পূর্বের একটি বিটের পরিবর্তে মসজিদের আগে ও পরে—দুইটি পৃথক সিঙ্গেল বিট স্থাপন করা হলে যানবাহনের গতি নিয়ন্ত্রণে আসবে এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত হবে।
এছাড়াও পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়, বেপারীপাড়া মসজিদ, স্টেডিয়াম গেট ও পুলিশ লাইন এলাকায় পূর্বের স্পিড ব্রেকার না থাকায় শহরবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের কর্মকর্তারা জানান, মহাসড়কে স্পিড ব্রেকার স্থাপন করলে যান চলাচলে বিঘ্ন ঘটে—এ বিষয়টি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনায় রয়েছে। তবে স্থানীয়দের মতে, বাইপাস সড়ক না থাকায় শহরের ভেতর দিয়েই মহাসড়কের যান চলাচল করতে হচ্ছে, ফলে জননিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট স্থানে স্পিড ব্রেকার অপরিহার্য।
এলাকাবাসীর জোর দাবি, দ্রুত সময়ের মধ্যে পূর্বনির্ধারিত স্থানগুলোতে স্পিড ব্রেকার পুনঃস্থাপন এবং বিশেষ করে মডেল মসজিদের সামনে দুটি বিট নির্মাণ করা হোক। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
Leave a Reply