
মাগুরা ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা উদ্বোধন
এ কে এম মাজেদুল আলম ইভান, , মাগুরা:
রোগী, স্বজন ও হাসপাতাল সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে মাগুরার ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে আধুনিক সিসি ক্যামেরা নেটওয়ার্কের উদ্বোধন করা হয়েছে। এর ফলে হাসপাতালটির সম্পূর্ণ কার্যক্রম এখন সিসি ক্যামেরা পর্যবেক্ষণের আওতায় এসেছে।এ উপলক্ষে শুক্রবার (১৯জুন)বিকাল চারটায় হাসপাতালের কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম, মাগুরা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (এডিসি জেনারেল) আব্দুল কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা ডায়াবেটিক সমিতির সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সাইদ রেজা।
বক্তারা বলেন, বর্তমান সময়ে একটি আধুনিক হাসপাতালের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই। হাসপাতালের সর্বত্র সিসি ক্যামেরা স্থাপনের ফলে রোগী ও স্বজনদের নিরাপত্তা বৃদ্ধি পাবে, সেবার মান উন্নত হবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা সহজ হবে।
অনুষ্ঠানে বক্তারা হাসপাতালের উন্নয়ন ও আধুনিকায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খানের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করেন- সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার ফলেই হাসপাতালের সম্পূর্ণ এলাকা সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় আনা সম্ভব হয়েছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে পুলিশ সুপার বলেন, হাসপাতালজুড়ে সিসি ক্যামেরা স্থাপন করা মানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। এর মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ ও তদন্ত কার্যক্রম আরও কার্যকর হবে। এ উদ্যোগ গ্রহণের জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে হাসপাতালের সেক্রেটারি জনাব আলী তারেক বলেন, ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালকে উত্তরোত্তর সমৃদ্ধ ও আধুনিক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে তিনি নিজেকে সর্বদা নিয়োজিত রাখবেন। তিনি হাসপাতালের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে ঢাকাতে চিকিৎসারত মাগুরা মাগুরার ডায়াবেটি সমিতির সভাপতি ও জেলা প্রশাসক এবং ডা. লুৎফর রহমান ডায়াবেটিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আখতার হোসেনের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, চিকিৎসক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা হাসপাতালের সার্বিক উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালকে আরও আধুনিক, নিরাপদ ও জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply