
মাগুরার মনজুর মোর্শেদ চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
নিজ জেলা শ্রীপুরে আনন্দ ও গর্বের আবহ
এ কে এম মাজেদুল আলম ইভান , মাগুরা:
মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের কৃতী সন্তান মনজুর মোর্শেদ চৌধুরী (মিঠু) দেশের গুরুত্বপূর্ণ দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারার আওতায় রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। দায়িত্ব গ্রহণের আগে অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক থাকলে তা পরিত্যাগের শর্তও আরোপ করা হয়েছে।
অষ্টম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মনজুর মোর্শেদ চৌধুরী দীর্ঘ কর্মজীবনে মাঠ প্রশাসন থেকে কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি চকরিয়া উপজেলা-এর ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে দক্ষতা, স্বচ্ছতা ও নেতৃত্বের গুণাবলি প্রদর্শন করেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তিনি সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করে আসছেন। গত বছর তার ভূতাপেক্ষ পদোন্নতি প্রশাসনিক মহলে ইতিবাচকভাবে আলোচিত হয়।
তার এ নিয়োগের খবরে শ্রীপুরসহ পুরো মাগুরা জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় নাগরিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা একে জেলার জন্য গৌরবের অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।
জেলার সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়ে সফল কর্মজীবন ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
Leave a Reply