
- মাগুরায় ঈদের খাদ্য সহায়তা বিতরণ ঘিরে মাগুরায় সংঘাত, আহত অন্তত ১০ পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী
এ কে এম মাজেদুল আলম, ইভান – মাগুরা:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা (চাউল) বিতরণকে কেন্দ্র করে মাগুরা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, বিতরণ কার্যক্রমের তালিকা প্রণয়ন ও তদারকি নিয়ে দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। এ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।
এক পর্যায়ে দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে শিবরামপুর ও কলকলেপাড়া সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং অনেকে ঘর থেকে বের হওয়া এড়িয়ে চলেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে।
আহতদের মাগুরা সদর হাসপাতাল-এ চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন সকল পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।
Leave a Reply