
এ কে এম মাজেদুল আলম ইভান: মাগুরা।
মাগুরার মহম্মদপুর উপজেলায় এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার বিনোদপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের একটি গাবগাছ থেকে মো. রাজ্জাক মোল্লা (৭৫) নামে ওই বৃদ্ধের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, নিহত রাজ্জাক মোল্লার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার ভাতিজা রিপন মোল্লার স্ত্রী আসমা খাতুনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, ঘটনার আগের দিন পারিবারিক কলহের একপর্যায়ে ওই নারী তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়া মরদেহ উদ্ধারের সময় বৃদ্ধের হাতে রক্তাক্ত চিহ্ন দেখতে পাওয়ায় স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রিপন মোল্লার স্ত্রী আসমা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply