
রমজানকে সামনে রেখে আড়পাড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা।
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শালিখা উপজেলার আড়পাড়া বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়।
বেলা ১১টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে ফলের দোকান, তেল, চাল, ভোগ্যপণ্য ও বিভিন্ন মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের একাধিক প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে আড়পাড়া বাজারের মেসার্স পবিত্র স্টোর-এ ব্যাপক অনিয়ম ধরা পড়ে। তদারকিতে দেখা যায়, দোকানটিতে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, চকলেটসহ বিভিন্ন পণ্য সংরক্ষণ করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয়েছে, যা পরবর্তীতে গ্রামের বিভিন্ন দোকানে সরবরাহ করা হচ্ছিল। এছাড়া যথাযথভাবে মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণে গাফিলতি, অননুমোদিত ও ক্ষতিকর রঙযুক্ত পণ্য বিক্রি, নিম্নমানের নকল-ভেজাল পণ্য মজুদ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য খোলা অবস্থায় বিক্রয়ের মতো অপরাধের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব বিপুল সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর পণ্যসমূহ জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে মোট ১টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে সর্বমোট ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের মো. আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
এসময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে রমজান মাসে অতিরিক্ত মুনাফা অর্জনের অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।