
শালিখায় ভোররাতের অভিযানে দুই নেতা আটক, উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ
এ কে এম মাজেদুল আলম, (ইভান) মাগুরা।
মাগুরার শালিখা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পরিচালিত এক বিশেষ অভিযানে দুইজন রাজনৈতিক নেতাকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের বসতবাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শালিখা থানা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট মুন্সি এবং শালিখা থানা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন মুন্সি। তারা সম্পর্কে সহোদর বলে জানা গেছে।
৩০ জানুয়ারি শুক্রবার ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে শালিখা উপজেলার নিজ নিজ বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল। অভিযানের সময় একটি আগ্নেয়াস্ত্রসহ কয়েক রাউন্ড গুলি এবং কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
যৌথ বাহিনী সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এদিকে এ ঘটনায় স্থানীয় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করছিল। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছিল বলেও তারা মনে করছেন।
শালিখা থানার একটি দায়িত্বশীল সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে
Leave a Reply