


মাগুরায় নবনিযুক্ত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত।
এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা।
মাগুরা, ৩০ মার্চ ২০২৬ (সোমবার): মাগুরায় নবনিযুক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সঙ্গে মাগুরা রিপোর্টার্স ইউনিটি ও জেলার গুরুত্বপূর্ণ সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১টায় জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এ সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন, মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন পুলিশ সুপার। মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে সাংবাদিকরা মধ্যাহ্ন ভোজে অংশ নেন, যেখানে অনানুষ্ঠানিক পরিবেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম, ডিএসবি’র ইন্সপেক্টর শাহাদাত হোসাইন এবং ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলামের নেতৃত্বে সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ প্রায় ৩০ জন শীর্ষ সাংবাদিক নেতা ও সদস্য। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আশিকুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, দীপ্ত টেলিভিশনের আবুল কাশেম শ্রাবণ, ঢাকা পোস্টের প্রতিনিধি প্রাচীন জাপানসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং একটি নিরাপদ ও মানবিক পরিবেশ গড়ে তুলতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। পাশাপাশি দেশের বিরাজমান তেল সংকট মোকাবিলায় সাংবাদিকদের সজাগ থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং এ বিষয়ে সহযোগিতা কামনা করেন।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানান তারা। পাশাপাশি শহরে মোটরসাইকেলের সাইলেন্সার খুলে শব্দ দূষণ, গভীর রাতে সাউন্ড বক্স ও ডিজে পার্টির কারণে জনভোগান্তির বিষয়েও অভিযোগ উত্থাপন করা হয়।
পুলিশ সুপার উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে—এমন আশাবাদ ব্যক্ত করা হয়।
Leave a Reply