
মোবাইল বিরোধ থেকে হত্যাকাণ্ড: মাগুরায় কিশোর সুমন হত্যার নেপথ্য উন্মোচন, আটক ৪
এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা।
মাগুরায় সম্প্রতি আলোচিত কিশোর ইজিবাইক চালক সুমন মোল্লা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তি নির্ভর তদন্ত ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর রায় উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, গত ৩ এপ্রিল রাতে মাগুরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীপুর (মৌপাড়া) এলাকার একটি কলাবাগান থেকে সুমন মোল্লা (১৬)-এর নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত সুমন ওই এলাকার বাসিন্দা এবং পেশায় ইজিবাইক চালক ছিল।
ঘটনার পরপরই নিহতের পরিবার মামলা দায়ের করলে পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে। একাধিক সূত্র যাচাই-বাছাই এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মো. ফেরদৌস হোসেন (২৪), মো. তাজুল ইসলাম (২৩), মো. শাকিব শেখ (১৯) ও মো. তারিকুল ইসলাম (২৬)।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্তে উঠে এসেছে, মোবাইল ফোন সংক্রান্ত পূর্বের বিরোধের জেরে পরিকল্পিতভাবে সুমনকে ডেকে নেওয়া হয়। পরে তাকে বেধড়ক মারধর করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটি আড়াল করতে মরদেহটি কলাবাগানে ফেলে রেখে যায় অভিযুক্তরা।
পুলিশ সুপার জানান, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।
Leave a Reply