
মাগুরা আড়পাড়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা।
নিজস্ব প্রতিবেদক,
অদ্য ১১ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে।
বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেল, চিনি, মাংসের দোকান, মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে আড়পাড়া বাজারের “মেসার্স মহামায়া ট্রেডার্স” নামক প্রতিষ্ঠানকে পূর্বে সতর্ক করা হলেও নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ভোজ্য তেলের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তেল, চিনি, আটা, ময়দা ও বেসনসহ বিভিন্ন খাদ্যপণ্য খোলা অবস্থায় বিক্রয় করা, মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্য ভালো পণ্যের সঙ্গে মিশিয়ে বিক্রয় করা এবং মোড়কীকরণ আইন বহির্ভূত পণ্য বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়ম জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।
এ সকল অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানে মোট ১টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
পরে মাংসের দোকানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করা, মোড়কীকরণ বিধি মেনে চলা এবং অতিরিক্ত মুনাফা না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা মার্কেটিং অফিস, মাগুরার মো. আলমগীর হোসেন এবং মাগুরা আনসার ব্যাটালিয়নের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
Leave a Reply